কামাল উদ্দিন জয় | ১৮ জানুয়ারি ২০২৬
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টরের দায়িত্বপ্রাপ্ত ইউনিট হিসেবে রামু ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সফল অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং মেজর মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে বিকাল ২টা ২০ মিনিটে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সিএনজি চালক মোঃ রমজান মিয়া (৩৮), পিতা- আজিজুর রহমান, গ্রাম- তোতকখালী, ডাকঘর- পিএমখালী, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
বার্তা প্রেরক:
লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ
অধিনায়ক
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)