উখিয়া (কক্সবাজার), ২৪ জানুয়ারি ২০২৬
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা ১ নম্বর ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা রফিক।
শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে, হলদিয়া পালং ইউনিয়ন (উত্তর) শাখার সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড মেম্বার এম মনজুর আলমের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিকল্পিত ও নৃশংস হামলায় সরাসরি নেতৃত্ব দেন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নজিরের ছেলে এবং ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সভাপতি শেখ জামাল। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থেকে এলাকায় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি এনসিপির।
এনসিপি আরও জানায়, ১০ দলীয় জোটের পক্ষে দলের নেতা রফিক গত ২২ জানুয়ারি থেকে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা ও গণভোটের পক্ষে শান্তিপূর্ণভাবে মাঠে সক্রিয় ছিলেন। গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরির এই বৈধ রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালানো হয়েছে।
দলটি মনে করে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা সুষ্ঠু নির্বাচন, ভোটের পরিবেশ ও সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের হুমকি। এটি শুধু একজন নেতার ওপর হামলা নয়, বরং গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, জড়িত সকল হামলাকারী ও মদদদাতাকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আহত নেতা রফিকের উন্নত চিকিৎসা, নিরাপত্তা ও তার পরিবারের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানায় এনসিপি।