মাহবুব আলম মিনার। ১২ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় দ্বীনের আলো ছড়িয়ে দিতে একটি অত্যাধুনিক মসজিদের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করেছে আল মানাহিল। দীর্ঘদিন ধরে মসজিদের অভাবে নিয়মিত নামাজ, শিশুদের মক্তব, দ্বীনি তালিম ও আত্মশুদ্ধিমূলক কার্যক্রম পরিচালনায় ভোগান্তিতে ছিলেন স্থানীয় মুসল্লিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এতদিন এলাকাবাসী একটি স্থায়ী মসজিদ প্রতিষ্ঠা করতে পারেননি। ফলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন দ্বীনি কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
আলহামদুলিল্লাহ, আল মানাহিলের তত্ত্বাবধান এবং দ্বীনদরদী মুসলমানদের আন্তরিক সহযোগিতায় সেই স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে। নবনির্মিত এই মসজিদে এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জিকির-আজকার, দ্বীনি তালিম, শিশুদের সকালের মক্তবসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হবে।
এলাকাবাসী জানান, এই মসজিদ ভবিষ্যতে শুধু ইবাদতের স্থান হিসেবেই নয়, বরং দ্বীনি শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।
মসজিদ নির্মাণে অংশগ্রহণকারী সকল দাতা, সহযোগী ও সংশ্লিষ্টদের জন্য দোয়া করে স্থানীয়রা বলেন, আল্লাহ তাআলা যেন এই মহতী উদ্যোগকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন এবং সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমিন।