মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার বান্দরবান। ২০ নভেম্বর ২০২৫
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর আগা এলাকায় অবৈধ ইটভাটায় বিশেষ অভিযানে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইটভাটা শ্রমিক ও স্থানীয়দের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে চকরিয়া–মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় টিমটি পৌঁছালে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের ছোড়া ইট–পাটকেলে বিজিবি ও পুলিশের অন্তত ৭ সদস্য আহত হন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ–বিজিবির ছয়টি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ শ্রমিককে আটক করে।

অন্যদিকে শ্রমিকদের দাবি, সংঘর্ষে নারী-শিশুসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন, যার মধ্যে ২০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া অভিযানের সময় অনেক শ্রমিককে আটক করা হয়েছে বলেও তারা জানান।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের স্পেশাল টিম, নেতৃত্বে ছিলেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম।
এসময় ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন—
মেজর হাফিজ, উপ-অধিনায়ক, আলীকদম সেনা জোন
রুবায়েত আহমেদ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা)
তোফাজ্জল হোসেন, ওসি, লামা থানা
সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন,
“ইটভাটা মালিক ও শ্রমিকরা আমাদের ওপর হামলা করেছে, সরকারি গাড়ি ভাঙচুর করেছে। এতে অনেকেই আহত হয়েছেন।”
উল্লেখ্য, ফাইতং এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে পরিবেশ অধিদপ্তর। আজকের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।