১১ ডিসেম্বর ২০২৫। মাহবুব আলম মিনার
ঢাকা: নৌ-প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত H.E. Mr. Joris Van Bommel।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারককে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভ্রাতৃত্ব, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই MoU নৌ-প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও বিস্তৃত করবে। এর আওতায় থাকবে—
নৌ-প্রতিরক্ষা সামগ্রী উন্নয়ন ও সহযোগিতা
তথ্য ও অভিজ্ঞতা বিনিময়
শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়
প্রযুক্তি হস্তান্তর
শিল্প সুরক্ষা নীতির আওতায় তথ্য আদান–প্রদান
প্রয়োজন অনুযায়ী লজিস্টিক সহায়তা

নতুন এই চুক্তির ফলে দুই দেশের সামরিক বিশেষজ্ঞদের মধ্যে বিনিময় বৃদ্ধি পাবে, যা নৌ-প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের নৌ-বাহিনীর আধুনিকায়ন এবং নেদারল্যান্ডসের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব জোরদার করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভ্যন্তরীণ সূত্র বলছে, এই সমঝোতা স্মারক দুই দেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।