মোস্তফা কামাল আজিজী। ২৫ মার্চ ২০২৬
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এসএসসি ১৯৯৯ ব্যাচভিত্তিক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘বন্ধন ৯৯’ সমিতির উদ্যোগে জমকালো আয়োজনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. কাইছার ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সভার কার্যক্রম পরিচালিত হয়। সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে দেশ-বিদেশে অবস্থানরত সদস্যরা সরাসরি ও অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে অতিথি ও সদস্যদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভা এগিয়ে যায়। এ সময় সমিতির গত এক বছরের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে শিক্ষা সহায়তা, অসহায়দের মাঝে সাহায্য বিতরণ, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়া আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব স্বচ্ছতার সঙ্গে উপস্থাপন করা হলে সদস্যদের মধ্যে আস্থা ও সন্তুষ্টি সৃষ্টি হয়। বক্তারা বলেন, ‘বন্ধন ৯৯’ শুধু একটি ব্যাচভিত্তিক সংগঠন নয়, এটি একটি পারিবারিক বন্ধনের প্রতীক, যা সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করে।
সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু, স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ, দুর্যোগকালীন সহায়তা বৃদ্ধি এবং সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঈদ পূর্ণমিলনী পর্বে সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা আদান-প্রদান এবং স্কুলজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।
শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, সমিতির উত্তরোত্তর উন্নতি এবং সদস্যদের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।