মাহবুব আলম মিনার | কক্সবাজার | প্রকাশ মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় এফডিএমএন ক্যাম্প-১৮ এর এল/০৯ ব্লকস্থ ব্রীজের পাশের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জানা যায়, সোমবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর নির্দেশনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. জহিরুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ক্যাম্প-১৮ এর এল/০৯ ব্লকের ব্রীজের পাশে কয়েকজন দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাত ১০টা ৪৫ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থায় জব্দ তালিকা মূলে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
৮ এপিবিএন সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।