রিদুয়ানুল হক জিসান। ৭ ফেব্রুয়ারি ২০২৬
উখিয়া–টেকনাফ সংসদীয় আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে মরিচ্যা ও সোনার পাড়ায় অনুষ্ঠিত দাঁড়িপাল্লা প্রতীকের পৃথক দুটি পথসভা। বিপুল মানুষের উপস্থিতিতে এসব পথসভা জনসমুদ্রে পরিণত হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত পথসভাগুলো থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্যে বয়কটের ঘোষণা দেন সাধারণ ভোটাররা। একই সঙ্গে জেলা জমায়েতের আমির ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

সকাল থেকেই মরিচ্যা ও সোনার পাড়ার আশপাশের বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন মানুষ। নারী-পুরুষ, যুবক, শ্রমজীবী মানুষ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ‘চাঁদাবাজদের বয়কট করো’, ‘দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দাও’, ‘আনোয়ারীর বিজয় নিশ্চিত’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পথসভা প্রাঙ্গণ।
সভায় বক্তারা বলেন, উখিয়া–টেকনাফ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতিতে জর্জরিত। একটি স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করে রাজনীতি করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে এবার ভোটের মাধ্যমেই রায় দেওয়ার সময় এসেছে। বক্তারা স্পষ্ট ভাষায় ঘোষণা দেন—চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নয়, বয়কটই হবে একমাত্র পথ।
জেলা জমায়েতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘মরিচ্যা ও সোনার পাড়ার এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে—মানুষ আর অন্যায় মেনে নেবে না। আমি এমপি হতে চাই জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলার জন্য। উখিয়া–টেকনাফকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করাই আমার অঙ্গীকার।’
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সীমান্ত নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।
পথসভায় অংশ নেওয়া ভোটাররা জানান, তারা দীর্ঘদিন ধরে অবিচার ও হয়রানির শিকার। মরিচ্যার এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা শান্তিতে থাকতে চাই। যারা চাঁদা ছাড়া কিছু বোঝে না, তাদের আর ভোট দেব না।’
সোনার পাড়ার এক তরুণ ভোটার বলেন, ‘এই নির্বাচন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই ভোট দেব।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মরিচ্যা ও সোনার পাড়ার এই দুটি পথসভা কক্সবাজার-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। মাঠপর্যায়ে জনসমর্থন ও ভোটারদের প্রকাশ্য অবস্থান ইঙ্গিত দিচ্ছে—এই আসনে আনোয়ারীর বিজয়ের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।
পথসভায় বিশেষ অতিথি ও নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল ফজল, নায়েবে আমির মৌলানা নুরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নারী নেত্রী জিনিয়া শারমিন রিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, উখিয়া–টেকনাফের মানুষ আর চাঁদাবাজি ও অনিয়মের রাজনীতি চায় না। তারা সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।