মাহবুব আলম মিনার | কক্সবাজার | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দুঃসাহসিক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নজির আহমদ (৪৩)। তিনি টেকনাফের শীলবানিয়া পাড়ার মৃত ফয়েজ আহমদের ছেলে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের হোয়াইক্যং চেকপোস্টের টহল দল বালুখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় যাত্রী নজির আহমদের বহন করা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন রঙের টেপে মোড়ানো ছয়টি প্যাকেটে মোট ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নজির আহমদ জানান, গাঁজার চালানটি টেকনাফ পৌঁছে দিতে তাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
অভিযানে ব্যবহৃত সিএনজি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, “মাদক পাচারে জড়িত সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধার করা গাঁজা ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।