বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫। মাহবুব আলম মিনার সম্পাদক আই টি এন নিউজ
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৩,৬০,০০০ (তিন লাখ ৬০ হাজার) পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দশ কোটি আশি লক্ষ টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে দুইজন চোরাকারবারিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখা গেলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে তল্লাশিতে তিনটি ব্যাগের ভেতর থেকে খাকি স্কচটেপ মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৩৬ কাটে মোট ৩,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে বিজিবি রাতভর এলাকায় চিরুনি অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি এবং অতিরিক্ত কোনো অবৈধ মালামালও পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ কঠোরতা নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে