সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
হেলাল উদ্দিন, উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বাগদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ে মৎস্য চাষিদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উখিয়া উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস।
উখিয়ার পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নের ২০ জন চাষি অংশ নেন এই কর্মশালায়। আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশসম্মত বাগদা চিংড়ি চাষে দক্ষতা বৃদ্ধিই ছিল এর মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক। কোর্স সমন্বয় করেন উপজেলা মৎস্য অফিসের মোহাম্মদ সোহেলসহ অন্যান্য কর্মচারীরা।
কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা আধুনিক চিংড়ি চাষ পদ্ধতি তুলে ধরে বলেন,
—“লাভবান হতে হলে সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক চাষ ব্যবস্থার দিকে যেতে হবে। পুকুর প্রস্তুত, স্বাস্থ্যকর পোনা নির্বাচন, সঠিক খাবার সরবরাহ ও পানির মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, প্রতিবার চাষ শুরু করার আগে পুকুরের পানি সম্পূর্ণ নিষ্কাশন করা, লবণাক্ততা ও অক্সিজেনসহ পানির গুণগত মান পরীক্ষা, নিয়মিত খাবার প্রদান এবং রোগ প্রতিরোধে সতর্কতা চাষিদের অবশ্যই মানতে হবে। বিশেষ করে হোয়াইট স্পট সিনড্রোম (WSSV) প্রতিরোধে অনুমোদিত ও নিরাপদ উপকরণ ব্যবহার গুরুত্বপূর্ণ।
মিশ্র চাষ সম্পর্কে তিনি জানান, চিংড়ি ও মাছ একসঙ্গে চাষের ক্ষেত্রে খাদ্যাভ্যাস ও আচরণের সামঞ্জস্য বিবেচনায় প্রজাতি নির্বাচন করতে হবে। সঠিক অনুপাত বজায় রাখলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ে। উপকূলীয় অঞ্চলে ভাইরাস রোগের প্রাদুর্ভাব রোধে আবদ্ধ আধা-নিবিড় চাষ প্রযুক্তি অধিক কার্যকর বলে উল্লেখ করেন তিনি।
প্রশিক্ষণে অংশ নেওয়া মৎস্য চাষিরা জানান, এই কর্মশালার মাধ্যমে তারা আধুনিক পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন।
তাদের ভাষায়—
“সনাতন পদ্ধতিতে চাষ করে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই। প্রশিক্ষণে পাওয়া জ্ঞান অনুযায়ী পরবর্তীতে আধুনিক পদ্ধতিতে চাষে রূপান্তর করব।”
উপজেলা মৎস্য অফিস জানায়, বাগদা চিংড়ির একক ও মিশ্র চাষে চাষিদের দক্ষতা বাড়াতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে চাষিরা পরিবেশবান্ধব, আধুনিক ও লাভজনক চাষ ব্যবস্থাপনায় পারদর্শী হয়ে ওঠে।