নিজস্ব প্রতিবেদক। ২১ এপ্রিল ২০২৬ ইং
কক্সবাজারের উখিয়ায় একাধিক মামলার পলাতক ও এজাহারভুক্ত আসামি কামরুল হাসান টিটুকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুকুরিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) স্বদেশ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা টিটুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত কামরুল হাসান টিটু (৩৭) বন মামলা, পুলিশ অ্যাসল্ট মামলা ও অন্যান্য একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালত থেকে সিআর ওয়ারেন্টও জারি ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে টিটু বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে চলছিলেন। তার অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।