জেলের ছদ্মবেশে সীমান্ত পার, ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক
মাহবুব আলম মিনার | ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ শফিউল আলম (১৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হোয়াইক্যং সীমান্তের কেরেঙ্গোঘোনা পোস্ট-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শফিউল আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মরিরগুনা ১ নম্বর ওয়ার্ডের মোঃ রাশেদ আহমেদের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৮টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় কেরেঙ্গোঘোনা পোস্ট-১-এর কাছে সোয়েবের মাছের ঘেরের পাশ দিয়ে কারেন্ট জাল হাতে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। জেলের ছদ্মবেশে থাকা ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।
বিজিবির দাবি, চ্যালেঞ্জের পর ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। পরে তার হাতে থাকা কারেন্ট জালের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও কারেন্ট জালও জব্দ করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক শফিউল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।