স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালকাটা পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
সেনাবাহিনীর মেজর মোঃ মুতাসিম ফাইয়াজ (১৬ বীর) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ শাহজাহানের বাড়িতে ডাকাতির সময় টহলরত সেনা সদস্য ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ওই দুই ডাকাতকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের চকরিয়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও চকরিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আটককৃত ডাকাতরা হলেন—
১) মোঃ বোরহান উদ্দিন (২৬), পিতা: মোঃ শাহজাহান, গ্রাম: খালকাটা পাড়া, বদরখালী, চকরিয়া, কক্সবাজার।
২) মোঃ ইমন (৩০), পিতা: মোঃ হেলাল, গ্রাম: ৭নং ওয়ার্ড পূর্ব দক্ষিণ সাটডালিয়া, বদরখালী, চকরিয়া, কক্সবাজার।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় চাইনিজ কুড়াল ও একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয়রা যৌথ বাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে এলাকায় অপরাধ দমনে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানান।