৩০ জানুয়ারি ২০২৬। মাহবুব আলম মিনার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৪৫ জন অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযানে রোহিঙ্গাদের ব্যবহৃত ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে প্রথম দফায় ৩৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে আরও ৬ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র সরবরাহের অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাসা থেকে বেশ কয়েকটি সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এনআইডির ফটোকপি এবং এফসিএন (FCN) কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ভুয়া জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্রের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।