কামাল উদ্দিন উখিয়া (কক্সবাজার)। ২ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের নৃশংস ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে উখিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ধর্ষণ প্রতিরোধ মঞ্চ—উখিয়া শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক, উখিয়া উপজেলা শিশু ও যুব ফোরামের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এক কণ্ঠে এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আল আমিন ফাউন্ডেশন উখিয়ার সাধারণ সম্পাদক আকতার হোসাইন, উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মাহমুদুল হক মাহমুদ, উখিয়া কলেজের ইংরেজি শিক্ষক ইসমাইল ফারুক মানিক, দৈনিক সময় বায়ান্ন পত্রিকার বার্তা সম্পাদক কামাল উদ্দিন জয়।
এছাড়াও বক্তব্য দেন ধর্ষণ প্রতিরোধ মঞ্চ কক্সবাজার জেলার ১নং যুগ্ম আহ্বায়ক তানজিম হাসান রিফাত, সংগঠক জসিম উদ্দিন আবির, CHRDF-এর কো-অর্ডিনেটর রবিউল হাসান, উপজেলা যুব ফোরামের সভাপতি সাইফুল মাহমুদ এবং হাসিঘর ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি পি. এম. মোবারক।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাসিঘর ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা এবং উখিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা। মানববন্ধনের সঞ্চালনা করেন হলদিয়া পালং ইয়ুথ ফোরামের সভাপতি জালাল উদ্দীন সোহাগ।
বক্তারা বলেন, ১৩ বছরের একটি অবুঝ শিশুর সঙ্গে সংঘটিত এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় মূল অভিযুক্ত বাবুসহ জড়িত সকল সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকের কোনো পরিচয় নেই—সে শুধু অপরাধী, আর অপরাধীর সর্বোচ্চ শাস্তিই সমাজের ন্যায্য দাবি।
মানববন্ধন চলাকালে শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”—এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
বক্তারা আরও বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ বন্ধ করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধ ও সম্মিলিত সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।