প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল (চালক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেলের বাড়ি সিলেট জেলায়।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দ্রুতগতির এনা পরিবহনের বাসটি মাহমুদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স চালক মোজাম্মেল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।