বান্দরবান প্রতিনিধি মোরশেদ আলম চৌধুরী | লামা (বান্দরবান): বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বান্দরবানের লামা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীরা আবারও প্রকাশ্যে সক্রিয় হয়ে উঠেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা মশাল মিছিল করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেন।
খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে পুলিশ রফিক আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকিরাখোলা এলাকার বাসিন্দা বাহাদুর মিয়ার ছেলে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মশাল মিছিলের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে। প্রায় ২০–২৫ জনের এই মিছিলে স্লোগান দেওয়া হয়—
“বান্দরবানের মাটি শেখ হাসিনার ঘাঁটি,”
“১৩ তারিখ লকডাউন সফল করো।”
এদিকে, আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে লামার ৫ নম্বর সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার এলাকায় সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন সফল করতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, সড়কে আগুন দেওয়ার ঘটনায় তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।